হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাহেলা-হযরত মডেল স্কুল-এর প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেপ্টেম্বর ২০২৬-এর মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাহেলা-হযরত মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট ত্রিশাল-এর নির্বাহী পরিচালক ও ত্রিশাল কেন্দ্রীয় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো: শরাফত আলী মন্ডল, ত্রিশাল কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো: তৈয়ব উদ্দিন এবং আলী আকবর ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুন অর রশীদ বিএসসি। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাহেলা-হযরত মডেল স্কুলের প্রধান শিক্ষক তমা সুলতানা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখার মানোন্নয়নে মাসিক পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্টের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে। আলোচনা সভা শেষে সেপ্টেম্বর মাসের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী এবং আব্দুল গফুর মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।