নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের সদরে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচিতে অংশ নেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। রোববার বেলা ১০ টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে তিনি বৃক্ষরোপণ করেন। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সড়ক, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের গাজীপুরের উপ-পরিচালক আহাম্মদ ভূঁইয়া, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক,ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হান্নান খাঁন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারিরা এই বৃক্ষরোপণে সহযোগিতা করেন। এ সময় তারা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করেন। সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক ও জনপদকে সবুজায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। নিয়মিতভাবে এসব চারা পরিচর্যা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে স্থানীয় পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।