সাদ্দাম হোছাইন,গফরগাঁও উপজেলা প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অবস্থিত হুরমত উল্লাহ কলেজটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্থানীয় শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে কলেজটি মনোরম পরিবেশ, নিয়মিত পাঠদান, শৃঙ্খলাপূর্ণ শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এলাকায় ইতিবাচক সুনাম অর্জন করেছে। কলেজটির প্রতিষ্ঠাতা ফজলুর রহমান বলেন,প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা চাই এই কলেজ থেকে শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখুক। তিনি আরও বলেন,
আমরা স্বপ্ন দেখি হুরমত উল্লাহ কলেজ ভবিষ্যতে আরও বড় ও আধুনিক হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা, উন্নত অবকাঠামো ও সুযোগ-সুবিধার মাধ্যমে এটিকে গফরগাঁওয়ের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এজন্য এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু মহোদয় ও স্থানীয় সকলের সহযোগিতা প্রয়োজন। কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা ফেরদৌসী বলেন,
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটির শিক্ষা কার্যক্রম উন্নত হচ্ছে। এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্ছু মহোদয়ের সুদৃষ্টি ও সহযোগিতা পেলে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। অত্র কলেজের প্রভাষক (ইসলামের ইতিহাস) হারুন অর রশিদ বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি। প্রয়োজনীয় সহযোগিতা পেলে কলেজটির উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে। অন্যদিকে ইংরেজি প্রভাষক সাইদুল ইসলাম বলেন, ইংরেজি শিক্ষার মানোন্নয়নে আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলছি। আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। অত্র কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করছি। তবে অবকাঠামো ও সুযোগ-সুবিধা আরও বাড়ানো হলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারব। এজন্য আমরা এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে হুরমত উল্লাহ কলেজ ভবিষ্যতে গফরগাঁওয়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।