গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি) নিরলস প্রচেষ্টায় স্থানীয় দুটি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন হতে যাচ্ছে। এই যুগান্তকারী পদক্ষেপগুলোর জন্য গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রথমত গেজেট ভুক্ত জমির জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন শ্রীপুর ও গাজীপুর সদরের মানুষ। গাজীপুরের শ্রীপুর ও গাজীপুর সদর এলাকার একটি বড় অংশ জুড়ে দীর্ঘদিন ধরে বন বিভাগ ও ব্যক্তি মালিকানাধীন জমি একই দাগে গেজেট ভুক্ত হয়ে থাকায় চরম জটিলতা সৃষ্টি হয়েছিল। এই দীর্ঘস্থায়ী সমস্যার কারণে স্থানীয় সাধারণ মানুষ যেমন নানামুখী হয়রানির শিকার হচ্ছিলেন, তেমনি সরকারও কাঙ্ক্ষিত ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হচ্ছিল।
স্থানীয় মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনা করে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় সংসদে উক্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। তাঁর এই জোরালো ভূমিকার পরিপ্রেক্ষিতে ডিমার্কেশনের (সীমানা নির্ধারণ) মাধ্যমে বন বিভাগ ও ব্যক্তি মালিকানাধীন জমি পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে শ্রীপুর ও গাজীপুর সদর এলাকার মানুষের দীর্ঘদিনের গ্যাজেট সংক্রান্ত জটিলতার অবসান ঘটতে যাচ্ছে।
দ্বিতীয়ত ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ। ভাওয়ালগড় ইউনিয়নবাসীর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের মুখ দেখতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের একটি নিজস্ব স্থায়ী ভবন। দীর্ঘ দেড় দশক ধরে একটি স্থায়ী ভবনের অভাবে পরিষদের দাপ্তরিক কার্যক্রম ও নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল। ভাওয়ালগড় ইউনিয়নবাসীর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের পেছনে মুখ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাঁর এই বিশেষ উদ্যোগের কারণে ভাওয়ালগড় ইউনিয়নবাসী একটি আধুনিক ও স্থায়ী কার্যালয় পেতে যাচ্ছেন, যা স্থানীয় জনসেবাকে আরও গতিশীল করবে।
এই দুটি জনকল্যাণমূলক ও দূরদর্শী কাজের সফল উদ্যোগ নেওয়ায় ভাওয়ালগড় ইউনিয়ন তথাগাজীপুর সদরের সর্বস্তরের জনগণের পক্ষে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। স্থানীয় মহলে এই উন্নয়নমূলক উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।