হাফিজুর রহমান,গাজীপুর:: অস্বচ্ছল, দরিদ্র ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা পরিষদ। জেলার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে অস্বচ্ছল ৮০ নারীর মুখে ফুটেছে হাসি,পেয়েছে অন্য রকম বেঁচে থাকার প্রেরণা।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। সঞ্চালনার মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরে পরিকল্পনার কথা বলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে কর্মমুখী উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, সম্ভাবনা ও বেঁচে থাকার অবলম্বন। নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ উভয়ই এগিয়ে যাবে। সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান সময়ে নারীদের ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে হবে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন নারীদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। বিশেষ অতিথি রিয়াজুল হান্নান বলেন, দরিদ্র ও দুঃস্থ নারীদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়বদ্ধতাও। গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা চাই নারীরা অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের পথ তৈরি করুক। সভাপতির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, গাজীপুর জেলা পরিষদ সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো বলেন, গাজীপুর জেলা পরিষদ ইতিমধ্যে পাঁচ শতাধিক প্রকল্প হাতে নিয়েছে যা সামনের দিনগুলোতে বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করবে। এছাড়াও জেলা পরিষদের টাকা বৃদ্ধিসহ বিভিন্ন সংস্কারের কথাও বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, গাজীপুর জেলা পরিষদের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ উদ্যোগে উপকারভোগীদের মধ্যে আনন্দ ও স্বাবলম্বী হওয়ার নতুন আশার সঞ্চার হয়েছে।