হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর থেকে বাঘের বাজার পর্যন্ত সড়ক ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী অভিযানে মহাসড়কের দুই পাশে থাকা বিভিন্ন মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০ অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা ও খাসজমি দখল করে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এতে মহাসড়ক সরু হয়ে যানজট ও দুর্ঘটনা বেড়ে যায়। জনস্বার্থে মহাসড়ক দখলমুক্ত ও নিরাপদ রাখতে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইউএনও মো. সাজ্জাত হোসেন বলেন, মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের কারণে দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি), পুলিশ, র্যাব ও সড়ক বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সরকারি জমি উদ্ধারে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে, কমবে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি।