হাফিজুর রহমান,গাজীপুর:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী গাজীপুর মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। শনিবার সকাল ১১টায় রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী,এড.শহীদুজ্জামান, সদর থানা বিএনপির সভাপতি এড. মেহেদী হাসান এলিস, এড. আব্দুস সালাম, গাজী সালাহউদ্দিন প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, স্বৈরাচার ও অপশক্তির কাছে নতিস্বীকার না করা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই আমাদের রাজনীতির চিরন্তন প্রেরণা। বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে অসুস্থ দেশনেত্রীকে সুচিকিৎসা ও মৌলিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো। তবে জনগণের কাছে তাদের সেদিনের অপকর্মের বিচার হয়েছে-আজ সেই অপশক্তি রাজপথ থেকে বিতাড়িত ও রাজনৈতিকভাবে নিঃশ্বেস।
তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের প্রিয় নেত্রী চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন। কিন্তু তাঁর এই অপূরণীয় প্রয়াণে সৃষ্ট গভীর শোককে আজ শক্তিতে রূপান্তর করতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।