মোস্তাফিজুর রহমান কাইয়ুম, ভালুকা:: ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব রকিবুল হাসান খান রাসেল আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী অফিস উদ্বোধনের মাধ্যমে তার নির্বাচনী যাত্রা শুরু করেছেন।
শুক্রবার( ৩০ অক্টোবর) ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে ধীতপুর ইউনিয়নে এই নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতার আনুষ্ঠানিক প্রচারণার সূচনাকে কেন্দ্র করে পুরো ইউনিয়ন জুড়ে এক অভূতপূর্ব সাড়া ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানটি কেবল একটি কার্যালয় উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা রূপ নিয়েছিল ধীতপুর ইউনিয়ন বাসীর এক বিশাল মিলনমেলায়। দুপুরের পর থেকেই ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লা থেকে হাজার হাজার সাধারণ মানুষ, ভোটার এবং সমর্থকেরা দলে দলে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও গণজোয়ার প্রমাণ করে যে, এলাকার মাটিতে রকিবুল হাসান খান রাসেলের জনপ্রিয়তার শিকড় কতটা গভীরে প্রোথিত।
ধীতপুর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে রকিবুল হাসান খান রাসেলের রয়েছে নিষ্কলঙ্ক ভাবমূর্তি এবং সুদীর্ঘ কালের ব্যাপক সুনাম। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যেমন নিজের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন, ঠিক তেমনি সাধারণ মানুষের বিপদে-আপদে ও সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন। যেকোনো সামাজিক বা প্রাকৃতিক বিপর্যয়ে তার মানবিক ও অগ্রণী ভূমিকা সর্বজনবিদিত। এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলা ও সামাজিক কাজে উদ্বুদ্ধ করতে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তার এই বিনয়ী আচরণ, পরোপকারী মানসিকতা ও সততার কারণে ধীতপুরের আবালবৃদ্ধবনিতা সবার কাছেই তিনি অত্যন্ত বিশ্বস্ত ও প্রিয় এক ব্যক্তিতে পরিণত হয়েছেন।
অফিস উদ্বোধন শেষে উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল হাসান খান রাসেল। তিনি তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ধীতপুরের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবার দোয়া, আশীবাদ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। রাসেল বলেন, ধীতপুর ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি ৪নং ধীতপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, মাদকমুক্ত এবং সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ এক আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। যেখানে সাধারণ মানুষকে নাগরিক সেবার জন্য কোনো ভোগান্তির শিকার হতে হবে না।
এলাকার প্রবীণ ব্যক্তি ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ধীতপুর ইউনিয়নে এবার একজন সৎ, যোগ্য এবং তরুণ নেতৃত্ব দেখতে চান তারা। সেই হিসেবে রকিবুল হাসান খান রাসেল তাদের প্রথম পছন্দ। তার পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ, সুদীর্ঘ অভিজ্ঞতা এবং সুখ্যাতির কারণে তাকে ঘিরেই এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন ধীতপুর বাসী। উদ্বোধনী অনুষ্ঠানের এই বিশাল জনস্রোত ও সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রকিবুল হাসান খান রাসেলকে বিজয়ের পথে সুনিশ্চিত ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সচেতন মহল।