জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার ও প্রচারণামূলক (আউটরিচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের প্রচারণায় এনজিওদের সম্পৃক্ততা আরও জোরদার করার তাগিদ দেন। সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর এবং যুগান্তকারী ভূমিকা রাখছে। এই আদালতের সফলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণার কোনো বিকল্প নেই। তিনি জেলার সকল এনজিও প্রতিনিধিদের নিজ নিজ কর্মএলাকায় গ্রাম আদালতের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, গাজীপুরের উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মান উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা শাখা) জনাব তানিয়া তাবাসসুম। বক্তারা গ্রাম আদালতের আইনি সক্ষমতা ও এর মাধ্যমে সাধারণ মানুষের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে গাজীপুর জেলায় গ্রাম আদালতের বর্তমান অগ্রগতি ও প্রচারণামূলক কার্যক্রমের বিস্তারিত চিত্র মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোছাঃ সাবিনা ইয়াসমীন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা বাড়াতে এনজিও প্রতিনিধিরা বড় শক্তি হিসেবে কাজ করতে পারেন। সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদের সাথে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বিষয়ক বিভিন্ন কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গাজীপুর স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নুর নাহিন নিশাদ অত্যন্ত চমৎকারভাবে সমগ্র সভাটি সঞ্চালনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা গ্রাম আদালতের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।