হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অনুমোদন ছাড়া ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদন ছাড়াই ভেজাল পশুখাদ্য উৎপাদন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বৈলর বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই মার্কেটে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স লতিফ কর্পোরেশনকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন। সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে অনুমোদনহীন ও অনিয়মতান্ত্রিক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।