হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছলিমপুর-আমলীতলা এলাকায় অলহরী নদীর ওপর থাকা কাঠের সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির কাঠের পাটাতন পচে গিয়ে ভেঙে গেছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো মানুষ। জানা গেছে, ছলিমপুর, আমলীতলাসহ আশপাশের ৫-৬টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই ব্রিজটি। প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এই ভাঙা ব্রিজ দিয়েই যাতায়াত করে। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে অভিভাবকরা চরম আতঙ্কে থাকেন।স্থানীয় কৃষকরাও চরম দুর্ভোগে আছেন। তাদের উৎপাদিত ধান, সবজিসহ কৃষিপণ্য বাজারে নিতে পারছেন না। ভ্যান-রিকশা ব্রিজে উঠলেই পাটাতন ভেঙে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়।এলাকাবাসীর অভিযোগ, ইতোমধ্যে এই ব্রিজ পার হতে গিয়ে ভ্যান উল্টে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। কিন্তু স্থায়ী সমাধানে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন সবাই।
এলাকাবাসীর বক্তব্য: এ বিষয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি *★ আলহাজ্ব নজরুল ইসলাম* বলেন, “এই ব্রিজ দিয়ে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়। প্রতিদিন আতঙ্কে থাকি কখন কোন দুর্ঘটনা ঘটে। দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ করা এখন সময়ের দাবি।” স্থানীয় সমাজসেবক *অধ্যাপক খবিরুজ্জামান* বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাচ্ছি। কয়েকবার মেরামতের আশ্বাস পেলেও বাস্তবে কিছু হয়নি। আমরা চাই দ্রুত এখানে একটি আরসিসি পাকা ব্রিজ নির্মাণ করা হোক।স্থানীয় কৃষক *মোফাজ্জল হোসেন* বলেন, “আমাদের ফসল বাজারে নিতে পারি না। ভ্যান নিয়ে ব্রিজে উঠলেই ভয় লাগে। ব্রিজটি ভেঙে গেলে আমাদের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাবে।” নাম প্রকাশে অনিচ্ছুক *স্থানীয় মসজিদের ইমাম* বলেন, “মসজিদে আসা মুসল্লিরা এই ব্রিজ দিয়েই যাতায়াত করেন। বৃষ্টির সময় এটি আরও ভয়ানক হয়ে ওঠে। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।” তরুণ সমাজসেবক *সজীব হোসেন* বলেন, “এলাকার তরুণরা মিলে বারবার ব্রিজটি জোড়াতালি দিয়ে ঠিক রাখার চেষ্টা করেছে। কিন্তু এভাবে আর কতদিন? আমরা স্থায়ী সমাধান চাই।” জানা গেছে, খবিরুজ্জামান ও এলাকাবাসীর সহযোগিতায় ব্রিজটি কয়েকবার বাঁশ ও কাঠ দিয়ে মেরামত করা হলেও তা টেকসই হয়নি।এলাকাবাসী এ বিষয়ে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য *ডা. মাহবুবুর রহমান লিটন* এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, তিনি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করবেন।