গাজীপুর প্রতিনিধি:: তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের ভবানীপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকেরা। এ সময় শিল্পকারখানার নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক ফখরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কয়েকশ বাসিন্দা ও সচেতন নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখো শ্রমিকের জীবন-জীবিকা, বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। ফলে এ খাতে অস্থিতিশীলতা তৈরি হলে শুধু শিল্পমালিকেরা নন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরা। এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অন্যান্য যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে দাবি আদায়ের নামে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অরাজকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন অব্যাহত রাখতে মালিক-শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁদের মতে, শিল্পপ্রতিষ্ঠান রক্ষা, কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ জন্য মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিল্প বাঁচান, কর্মসংস্থানের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।