গাজীপুর প্রতিনিধি:: সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ইউনিয়নের বানিয়ারচালা দারুল উলুম কওমী মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা হয়।
এই কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নিম্নআয়ের ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক অবস্থা যাচাই করে নির্ভুল তথ্য সংগ্রহ করা হবে, যার ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আবু তাহের মুসুল্লী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। দলমত নির্বিশেষে প্রকৃত অভাবী ও যোগ্য পরিবারগুলোই যেন এই সুবিধার আওতায় আসে, তা নিশ্চিত করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম মেনে নেওয়া হবে না। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি ঘরে গিয়ে সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিশেষ অতিথি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, “সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তালিকা তৈরি হলে সরকারের সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভাপতির বক্তব্যে গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসাইন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ভুল ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সরেজমিনে যাচাই করে তথ্য লিপিবদ্ধ করবেন। সবার সম্মিলিত সহযোগিতায় ভাওয়ালগড় ইউনিয়নে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল উপকারভোগী তালিকা তৈরি করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, তথ্য সংগ্রহকারী কর্মী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।