গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার(১৭ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের স্লোগানের মধ্যে ছিল—‘আপা আপা করিস না, তোদের আপা ফিরবে না’, ‘শ্রমিক বিএনপি ভাই ভাই, একসঙ্গে থাকতে চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
বিক্ষোভ মিছিলটি ভবানীপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এসে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনের নামে শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, শ্রমিকরা এ দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি বিএনপির সবসময় সমর্থন রয়েছে। কিন্তু শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে কোনো মহল যদি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শ্রমিক ও মালিক—উভয় পক্ষই দেশের শিল্প ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখাও অত্যন্ত জরুরি। কোনো ষড়যন্ত্রকারী বা স্বার্থান্বেষী মহল যেন শ্রমিকদের ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
রিজভী বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ ও মেহনতি মানুষের পাশে রয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সংঘাত সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজপথে থাকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে এবং যেকোনো ধরনের অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের জানমাল ও শিল্পকারখানার নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কোনোভাবেই সহিংসতা কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে নিয়ে যাওয়া উচিত নয়। শিল্পকারখানা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের দাবি আদায় এবং শিল্পের সুরক্ষা—দুটিই নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কারখানায় ভাঙচুরসহ সব ধরনের নৈরাজ্য বন্ধের দাবি জানান।