হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে ডাকাতিসহ ৩২ মামলার পলাতক আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুর আদালত প্রাঙ্গনে কোর্ট পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার পর তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সংস্থার প্রচেষ্টায় র্যাব গ্রেপ্তার করে তাকে। পালিয়ে যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে তাকে আটক করে র্যাব।
সম্রাট জামালপুরের মাদারগঞ্জ থানার তাকতাপাড়া এলাকার বাসিন্দা। ময়মনসিংহের কোতয়ালী থানার কাশর এলাকা থেকে সোমবার দিবগত রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইফতেখার আহমেদ। তিনি জানান,গত সোমবার দুপুর দুইটার দিকে গাজীপুর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের সিরিয়ালে দাঁড়িয়ে ছিলেন সম্রাট। এ সময় হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা করেছেন সদর থানার এসআই মঞ্জুরুল ইসলাম।
কমান্ডার ইফতেখারের আরো বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এবং র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে সম্রাটকে। তাকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কুনিয়া মধ্যপাড়া এলাকার ৮ তলা ভবনের ভাড়া বাসা থেকে সম্রাটসহ তার ৩ জন সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) এবং মো. আমিন মিয়া (২৮)।