হাফিজুর রহমান, গাজীপুর::মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী। তিনি বলেন,"বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই প্রতিটি পাড়া-মহল্লা থেকে মাদক নির্মূলে সবাইকে সোচ্চার হতে হবে। শনিবার (২৭ জুন) বিকেলে নয়াপাড়া ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে আয়োজিত একটি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক এসব কথা বলেন।ভাওয়াল টাইগার্স ক্লাবকে একটি ঐতিহ্যবাহী সংগঠন উল্লেখ করে জয়নাল আবেদীন রিজভী বলেন, ক্লাবটি খেলাধুলায় এগিয়ে গেলেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিছুটা পিছিয়ে রয়েছে। তিনি ক্লাবের কমিটিকে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা জোরদার করার আহ্বান জানান এবং ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা দেন। মাদকের ভয়াবহতা প্রসঙ্গে তিনি আরও বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর স্পষ্ট নির্দেশনা রয়েছে মাদকের সাথে কোনো আপস নেই। আমরা প্রথমে মাদকসেবী ও ব্যবসায়ীদের এই অন্ধকার পথ ছেড়ে ভালো পথে ফিরে আসার অনুরোধ করব। এরপরও তারা সংশোধন না হলে, প্রয়োজনে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। খেলাধুলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই চারা বিতরণ। ভাওয়ালগড় ইউনিয়নসহ গাজীপুর সদর উপজেলায় এই সবুজায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল শেখ, ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইম মোল্লা এবং জাহাঙ্গীর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।