হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ সকালের আড্ডা সাক্ষী হলো এক অনন্য মুহূর্তের। বিশিষ্ট বিজ্ঞান গবেষক ও লেখক ফজলুল করিম আকন্দ তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থ 'মহাজগতের কথা ও একটি জীবনস্মৃতি' তুলে দিলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ ও সুরকার শেখ সাদীর হাতে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ - BCSIR-এর প্রাক্তন বিজ্ঞানী ফজলুল করিম আকন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গবেষণাকেই জীবনের ব্রত হিসেবে নেন। তবে নিবেদিতপ্রাণ এই গবেষক কখনোই নিজেকে ল্যাবরেটরির চার দেয়ালে বন্দী রাখেননি। রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তাঁর সরব উপস্থিতি সবসময়ই ছিল চোখে পড়ার মতো। অশীতিপর বয়সেও তিনি বিজ্ঞানচর্চার পাশাপাশি নিয়মিত অংশ নেন বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক আড্ডায়। তাঁর নতুন বইটিতে স্থান পেয়েছে বিজ্ঞানবিষয়ক ছয়টি মৌলিক প্রবন্ধ এবং সংক্ষিপ্ত পরিসরে তাঁর নিজের জীবনস্মৃতি। বই উপহার দেওয়ার সময় ফজলুল করিম আকন্দ বলেন, "বিজ্ঞান ও সঙ্গীত আলাদা কিছু নয়, একে অপরের পরিপূরক। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সঙ্গীত ও বিজ্ঞানে তেমন কোনো পার্থক্য খুঁজে পেতেন না। তিনি বলতেন, 'ঈশ্বরের সৃষ্টজগতের মতোই সঙ্গীতও এক সুশৃঙ্খল ছন্দে আবদ্ধ।' আইনস্টাইন অবসরে বেহালায় মোজার্ট ও বিটোফেনের সুর বাজাতেন, আর নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান বিনোদনের জন্য বাজাতেন বংগো।" সকালের নরম রোদে লেকের পাড়ে দুই গুণীজনের এই মিলনমেলা উপস্থিত সকলের মন কেড়ে নেয়। বিজ্ঞান ও শিল্পের এই সেতুবন্ধন প্রমাণ করে, জ্ঞানের কোনো শাখাই বিচ্ছিন্ন দ্বীপ নয়।